ইলন মাস্কের বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা
ইলন মাস্ক এবং তার সাবেক প্রেমিকা গ্রিমসের তিন সন্তান রয়েছে। সম্প্রতি তিন সন্তানের অভিভাবকত্ব দাবি করে ইলন মাস্কের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্রিমস। গ্রিমস কানাডিয়ান সংগীতশিল্পী। তার আসল নাম ক্লেয়ার বাউচার। খবর সময় নিউজ।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে সন্তানের অভিভাবকত্ব দাবি করে মামলা করেছেন গ্রিমস। ৫২ বছর বয়সি ইলন মাস্ক এবং ৩৫ বছর বয়সি গ্রিমসের একসঙ্গে তিন সন্তান রয়েছে।
মামলার পিটিশনে গ্রিমস দাবি করেছেন, ইলন মাস্ক তাকে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেন না। ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে তারা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি হয়।
সান ফ্রান্সিসকোর সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলার বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মামলার বিষয়ে গ্রিমস ও ইলন মাস্ক কেউই কোনো মন্তব্য করেনি।
ইলন মাস্ক তিনটি ভিন্ন সম্পর্কে থাকা অবস্থায় ১১ সন্তানের পিতা। ২০২১ সালে নভেম্বর মাসে ইলন মাস্ক নিউরালিংকের অপারেশনস এবং বিশেষ প্রকল্পের পরিচালক শিভন জিলিসের সাথে যমজ সন্তানদের পিতা হয়েছেন।
ডিবিটেক/বিএমটি







